
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে

ছবি: কিশোরগঞ্জ পোস্ট ২৪
কিশোরগঞ্জের নিকলীতে প্রায় ১৪ বছর ধরে সরকারি নির্দেশ অমান্য করে উপজেলার আঠারোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসছে গরু-ছাগলের হাট। বিদ্যালয় চলাকালেই সপ্তাহের বুধবার মাঠ ও সড়ক দখল করে এই হাট বসে। এতে নিরাপত্তা ঝুঁকিতে থাকে শিক্ষার্থীরা, অপরদিকে পাঠদান কার্যক্রম ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া মাঠ নষ্ট হওয়ায় নিয়মিত খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা। বুধবার ২৯ জুলাই দুপুরে ওই বিদ্যালয়ের মাঠে গিয়ে দেখা যায় এমন চিত্র।
সরেজমিনে জানা গেছে, জেলার গরু-ছাগলের বড় হাটের একটি জারইতলা ইউনিয়নের গোপীরায়ের হাট। হাটের দিন বিভিন্ন উপজেলার পাশাপাশি আশপাশের জেলা থেকেও ট্রাক, পিকআপ, ভটভটিতে গরু ও ছাগল আসে। এসব গাড়ি পাশের ওপর দাঁড় করে রাখা হয়। এতে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত নিকলী থেকে বাজিতপুর, ভৈরব, কটিয়াদি যাওয়ার একাধিক সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে কিশোরগঞ্জ জেলা ও নিকলী সদরে যাতায়াত, পাশের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সেবা নিতে আসা রোগীবাহী গাড়ি চলাচলে সমস্যা হয়।
এলাকাবাসী জানায়, গোপীরায়ের বাজারের নামে হাটটি ইজারা দেওয়া হয়। কিন্তু বাজারে জায়গা না থাকায় সপ্তাহের বুধবার আঠারোবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠেই হাটটি বসে। হাটের দিন স্থানীয় কৃষকের পাশাপাশি দূর-দূরান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা গরু নিয়ে হাটে আসেন।
বিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, ২০০৯ সাল থেকে বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানো হচ্ছে। তারপর থেকে বিদ্যালয়টিতে কেউ মেধাবৃত্তি পায়নি। তার আগে পেয়েছে। হাট বসানোর পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মান কমে গেছে বলে মনে করেন তিনি।
স্থানীয় বাসিন্দা আবদুল রহিম বলেন, বিদ্যালয়ের পাশেই জারইতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স অবস্থিত। সেখানে একটি পশু চিকিৎসা কেন্দ্রসহ সরকারি বিভিন্ন কার্যালয়ের সেবা দেওয়া হয়। কিন্তু মাঠে হাট বসায় এসব সেবা ছাড়াও বুধবার ইউনিয়ন পরিষদের সেবা নিতে পারছেন না স্থানীয়রা।
এ বিষয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবু সিদ্দিক বলেন, গরুরহাট বসানো নিয়ে বাজার কমিটিকে বহুবার বলা হয়েছে। উপজেলা প্রশাসন তাদেরকে দুইবার জরিমানাও করেছে। আমি এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি।
স্কুল মাঠে গরুর হাট বসানোর বিষয় জানতে চাইলে নিকলী উপজেলার সহকারি কমিশনার ভূমি মো: শহীদ উল্লাহ বলেন, স্কুল মাঠে গরুর হাট বসানোর কোন নির্দেশনা নেই। প্রশাসনের অনুমতি ছাড়া বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে হাট বসালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ